ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল যাই হোক, তা বিএনপি অবশ্যই মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত দলের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত এক মাসে নির্বাচন কমিশনে বিএনপির দাখিল করা অভিযোগগুলোর প্রতিকার পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, অনেক ক্ষেত্রে আমরা সমাধান পেয়েছি, তবে কিছু ক্ষেত্রে তা বিলম্বিত হয়েছে। আবার কিছু অভিযোগের সমাধান এখনো মেলেনি। আমাদের প্রত্যাশা থাকবে, যেকোনো দলের পক্ষ থেকেই যখন অভিযোগ করা হয়, কমিশন যেন তার সত্যতা যাচাই করে দ্রুত পদক্ষেপ নেয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা অবহিত করে।
নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে জামায়াত নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে বিএনপির এই মুখপাত্র বলেন, সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি এবং মাঠপর্যায়ের বাস্তবতা প্রমাণ করে যে, জনসমর্থনের দিক থেকে বিএনপি এখন তুঙ্গে।
তিনি আরও বলেন, সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে। এমনকি তারা জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে।
মন্তব্য করুন